
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। অধিকারকর্মী সোনম ওয়াংচুক ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকেকে নিরাপত্তা বাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে। তবে আটকের আগে তিনি সমর্থকদের ভারতের ইতিহাসের ‘সবচেয়ে বড় পদযাত্রা’য় অংশ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে অভিজিৎ দীপকে বলেন, গত এক দশকের বেশি সময় ধরে দেশে গণতন্ত্রকে দুর্বল করার নানা প্রচেষ্টা হয়েছে। তার ভাষ্য, যন্তর মন্তরে টানা এক মাসের আন্দোলনের মধ্য দিয়ে সেই গণতান্ত্রিক চেতনা আবারও জাগ্রত হয়েছে।
তিনি আরও দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই আন্দোলনে যোগ দিতে রাজধানীতে এসেছেন। যন্তর মন্তরের চারপাশের সড়কগুলো জনসমাগমে পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই জনস্রোতকে থামিয়ে সংসদমুখী পদযাত্রা রোধ করা সম্ভব হবে না।
মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অধিকারকর্মী সোনম ওয়াংচুক টানা ২১ দিন অনশন পালন করেন। গত ১৮ জুলাই তাকে আন্দোলনস্থল থেকে পুলিশ সরিয়ে নেওয়ার পর থেকেই যন্তর মন্তরে আন্দোলনকারীদের উপস্থিতি আরও বেড়ে যায়।
এদিকে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভিডিও বার্তায় সিজেপি প্রধান অভিজিৎ দীপকে আন্দোলনকারীদের অহিংস থাকার নির্দেশ দেন। তিনি বলেন, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পরিচালিত হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, উসকানিমূলক বা নেতিবাচক স্লোগান যারা দেবে, তারা সোনম ওয়াংচুক কিংবা সিজেপির প্রকৃত সমর্থক নয়।
সূত্র: দ্য হিন্দু