রাজধানী ঢাকার শান্তিনগর, মগবাজার ও মৌচাক এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে পৃথক তিনটি স্থানে ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এই সিরিজ বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৌচাক ফ্লাইওভার থেকে ছুড়ে মারা একটি ককটেলের আঘাতে এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, বিকেল সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের ব্যবধানে এই তিনটি বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর দিয়ে দ্রুতগতিতে চলা কোনো যানবাহন থেকে নিচে ককটেলগুলো ছুড়ে মারা হয়েছে। ব্যস্ততম এই এলাকায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ শুরু হলে সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন।
মৌচাক এলাকায় ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেলটি সরাসরি এক পথচারীর সামনে বিস্ফোরিত হয়। ডিএমপির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওই বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন। তৎক্ষণাৎ ট্রাফিক পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
বিস্ফোরণের ঘটনার পরপরই শান্তিনগর ও মগবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফ্লাইওভারের ওপর কোনো সন্দেহভাজন যানবাহন থেকে এই হামলা চালানো হয়েছে কি না, তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এই নজিরবিহীন ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে ডিএমপির একাধিক টিম মাঠে নেমেছে। বিকেল ৫টার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।