কিশোর গ্যাং নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।
তিনি ঘোষণা দেন, সন্ধ্যার পর স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের রাস্তায় পাওয়া গেলে আটক ও গ্রেফতার করা হবে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে ডিআইজি আব্দুল কুদ্দুছ বলেন, ‘ছেলে-মেয়েদের ওপর অভিভাবক ও শিক্ষকদের নিয়ন্ত্রণ নেই। যে বয়সে তাদের বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে সময়ে বিকেলেই তাদের রাস্তায় ঘুরতে দেখা যায়। বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ও শিস দেওয়ার মতো আচরণও করছে তারা। এসব কিশোর কেন বিপথে যাচ্ছে, পরিবারে শাসন কোথায়?’
তিনি বলেন, ‘কিশোর গ্যাং নির্মূলে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে। দেশে কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এ জন্য পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়। এক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।