আবুবকর সিদ্দিক বাবু
সিরাজগঞ্জ প্রতিনিধিঃদাখিল পরীক্ষায় শতভাগ ফেল করা
উল্লাপাড়ার চার মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাদ্রাসাগুলো হলো বগুড়া দাখিল মাদ্রাসা,এলংজানী দাখিল মাদ্রাসা,হাজী আহমেদ আলী দাখিল মাদ্রাসা ও বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসা।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামছুল হক
গতকাল এসব মাদ্রাসার সুপারদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
নোটিশে সংশ্লিষ্ট মাদ্রাসার সুপারদেরকে কেন এবছর দাখিল পরীক্ষায় তাদের কোন শিক্ষার্থী পাস করেনি তার সন্তোষজনক কারন আগামী ২৬মে’২০২৪ তারিখ বেলা ২টায় মাধ্যমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বগুড়া দাখিল মাদ্রাসা থেকে এবছর ১৫ জন,এলংজানী মাদ্রাসা থেকে ১২ জন,হাজী আহমেদ আলী মাদ্রাসা থেকে ১৪ জন এবং বড় কোয়ালিবেড় মাদ্রাসা থেকে ১২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। কিন্তু এসব মাদ্রাসা
থেকে কোন শিক্ষার্থীই পাস করেনি।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম শামছুল হক জানান,
উল্লিখিত মাদ্রাসার সুপারগণ সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।
কারণ দশার্নো মাদ্রাসাগুলোর সুপারদের সঙ্গে কথা বললে তারা জানান,প্রত্যন্ত অঞ্চলে তাদের মাদ্রাসার অবস্থান। এসব এলাকার ছাত্র-ছাত্রীদেরকে অনেক চেষ্টা করেও শ্রেণিকক্ষে আনা যায় না । অনেক শিক্ষার্থী মাদ্রাসাতেই আসে না।লেখাপড়ার প্রতি তাদের কোন আগ্রহ নেই। ফলে পরীক্ষার ফলাফলে তাদের এই বিপর্যয়। সুপারগণ যথাসময়ে কারণ দর্শানোর জবাব দেবেন বলে উল্লেখ করেন।