বগুড়ার শাজাহানপুর উপজেলার আলোচিত সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. আবু সাইদ ওরফে সাবিনুর (৪৫)কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার হানুবাইশ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুন সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি মীমাংসার জন্য সোহাগ (২৫), রুবেলসহ কয়েকজন এগিয়ে গেলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন বিকেলে সোহাগ মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি আবু সাইদ আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গ্রেফতার এড়াতে তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকায় অবস্থান করছেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।