শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে শাজাহানপুর উপজেলা জামায়াত ।
গতকাল মঙ্গলবার সকালে জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমজীবীর ঘর পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেন।
জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা দেন এবং বিপদে ধৈর্য ধারণের আহবান জানান।
এসময় উপজেলা জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিভাবক মোছা. রহিমা খাতুনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোহাইল ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুর রশিদ, ইউনিয়ন নায়েবে আমির জয়নাল আবেদীন, ইউনিয়ন সেক্রেটারি ফিরোজ আহমেদ, ইউনিয়ন জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের প্রমুখ।
আর্থিক অনুদান প্রদানকালে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম বলেন, বিপদ মুসিবত মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জন্য আসে। আমাদেরকে বিপদ আপদে সবর করতে হবে এবং বেশী করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। মানুষের বিপদে আপদে জামায়াত সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করে আসতেছে। এক ভাইয়ের বিপদে অপর ভাইকে সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে।
উল্লেখ্য, উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামের মো. আব্দুল আহাদের বসতবাড়িতে গত রবিবারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বসতবাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।