বগুড়ার শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ , শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশীং ফোরামের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, শাজাহানপুর উপজেলাকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধ প্রতিরোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।