বগুড়ার শাজাহানপুরে সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ফারুক আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার কুন্দদেশমা এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ঐ এলাকার আব্দুল বাছেদ ছেলে ফারুক আহমেদকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়। পরে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এ দণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, সরকারি জমি রক্ষা ও অবৈধ দখল কিংবা মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে