
বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ বালাপাড়া এলাকায় গভীর রাতে কৃষকের খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় ৬৫ হাজার টাকার খড় পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের পক্ষে এম. সুলতান আহম্মেদ জানান, রাতের ১২ টার সময়ে কে বা কারা পরিকল্পিতভাবে খড়ের পালায় আগুন দেয়। খড় রাখা ওই জমিটি নিয়ে প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তাই সন্দেহের তালিকায় তাদের নাম স্বাভাবিকভাবেই আসছে। তবে তিনি ধারণা করছেন,বিরোধ আরও বাড়াতে তৃতীয় কোনো পক্ষও এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
ঘটনার পর এলাকাবাসী আগুন দেখে ছুটে এসে পানি ও মাটি দিয়ে নেভানোর চেষ্টা করেন। এলাকাবাসীর একজন বলেন,
হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে আমরা সবাই দৌড়ে আসি। যদি দ্রুত সবাই এগিয়ে না আসত,তাহলে ঘরবাড়ি পুড়ে যেতে পারত।
আরেকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এমন ক্ষতি করা মানবিক নয়। ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত।
খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনা স্থানে শাজাহানপুর থানা পুলিশের এ এস আই নেহায়েত পরিদর্শন করেন।তিনি জানান,থানায় অভিযোগ করলে সর্বিক সহযোগিতা করবো।
স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।