বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (১২ এপ্রিল ) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে। বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।