বগুড়ার শাজাহানপুরে চুম্বকের বিশেষ কৌশলে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের সময় আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের নয়মাইল জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপপরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে দুপুর ১টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে রংপুরগামী অরিন ট্রাভেলসের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৩৯২০) তল্লাশি চালানো হয়। বাসটির এফ-১ সিটে বসা আবুল কালামের দেহ তল্লাশি করে কালো স্কচটেপে মোড়ানো চারটি নীল জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, উদ্ধার হওয়া প্যাকেটের তিনটিতে ২০০ পিস করে এবং অপরটিতে ১৭৫ পিসসহ মোট ৭৭৫ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৭৭.৫ গ্রাম। এ ছাড়া একটি চুম্বকের টুকরা, বাসের টিকিট ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার মো. বক্তার আলীর ছেলে।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
ডিএনসি জানিয়েছে, ইয়াবার চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।