বগুড়ার শাজাহানপুর উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে আওয়ামী লীগের আরও দুজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ঈমান আলী (৫২) ও মো. মোমিনুল ইসলাম (৪২)। ঈমান আলী বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন বিষয়ক সম্পাদক। তিনি শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকার মৃত কাজেম উদ্দিন প্রামানিকের ছেলে। অপর গ্রেপ্তার মোমিনুল ইসলাম বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য। তিনি শাজাহানপুর উপজেলার লতিফপুর দক্ষিণপাড়া এলাকার মো. জামালের ছেলে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।