জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’।
মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। পরে শাজাহানপুর উপজেলা ভূমি অফিস চত্বরে স্থানীয় ভাবে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
পরে উপজেলা হলরুমে ভূমি বিষয়ক অটোমেশন সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ, কৃষি কর্মকর্তা আমেনা খাতুন, এছাড়াও উপস্থিত ছিলেন খরনা ও খোট্টাপাড়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা নুর এ আলম, আমরুল ও মাদলা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সুরুজ্জামান মাসুদ, আশেকপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আজমত আলী, গোহাইল ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, চোপীনগর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা ওসমান গনি, সুলতানগঞ্জ ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ জোবায়ের এবং আড়িয়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন এ মেলা চলবে। ভূমি সেবা সহজীকরণ, সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে উন্নত সেবা পৌঁছে দেওয়াই মেলার মূল উদ্দেশ্য।
মেলায় নাগরিকরা সরাসরি ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ এবং মৌজাম্যাপ প্রাপ্তিসহ আধুনিক ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন সেবা সম্পর্কে ধারণা পাচ্ছেন।
এছাড়া জনসাধারণের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিক ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ মেলা ভূমিসংক্রান্ত সেবা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করবে।