পবিত্র কোরআনুল কারিমের হিফজ সম্পন্ন করায় বগুড়ার শাজাহানপুরে দুই হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১টায় উপজেলার দারুল উলুম রহমানিয়া নূরানী হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনির হোসেন ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে দুই হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই মূল উদ্দেশ্য।