বগুড়ার শাজাহানপুরে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি ও ২৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বেতগাড়ি মণ্ডলপাড়া এলাকার নুর আলমের ছেলে মো. ওমর আলী ওরফে ওমর ফারুক (২৮) এবং ঘাসিড়া কানুপাড়া এলাকার মৃত মাহফুজার রহমান ও মৃত ছোবেদার ছেলে মো. আব্দুস সেলিম (৪৫)।
পুলিশ জানায়, সোমবার (২৩ নভেম্বর) উপজেলার বেতগাড়ি ও ঘাসিড়া এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওসি আশিক ইকবালের নির্দেশনায় এসআই ময়নুল ইসলাম ও এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান দুটি পরিচালনা করে। এ সময় আব্দুস সেলিমের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, ওমর আলীর বিরুদ্ধে খুন, অস্ত্র এবং নারী ও শিশু নির্যাতনসহ চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
অন্যদিকে, আব্দুস সেলিমের বিরুদ্ধে ২৪ নভেম্বর শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওমর আলীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আব্দুস সেলিমকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।