বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খরনা ইউনিয়নের দাঁড়িগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মগরেব আলীর দ্বিতীয় ছেলে।
নিহতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল থেকে শফিকুল নিজ বাড়ির বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। এর আগেও তিনি বিভিন্ন বাড়িতে বৈদ্যুতিক কাজ করতেন। তবে এদিন নিজ বাড়িতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় শাজাহানপুর থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
শফিকুলের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।