বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি ঘেগি পাড়া গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে দুইটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল ) সকাল ১০টার দিকে শাজাহানপুর থানা পুলিশের সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে কথিত আবদুল্লাহ বেকারির মালিক হাবিবর রহমান এবং নামহীন বেকারির মালিক ফারুকের প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন স্যানিটারি ইন্সপেক্টর ফারুক হোসেন।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি সংবাদ বুলেটিনকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।