নজরুল ইসলাম মিলন:
বগুড়ার শাজাহানপুরে পরকীয়ার জেরে এক সন্তানের জননীর সংসার ভেঙে গেছে—এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর উত্তরপাড়া মহল্লায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মুদি দোকানি মিরাজুল ইসলাম মেরার স্ত্রীর সঙ্গে একই এলাকার আলমগীর হোসেনের ছেলে রাজু আহমেদের (৩০) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রায় তিন বছর আগে। রাজুও বিবাহিত এবং এক সন্তানের জনক। দীর্ঘদিন ধরে রাজু মেরার স্ত্রীর সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক বজায় রাখছিল বলে অভিযোগ।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজু বিয়ের প্রলোভন দেখিয়ে ওই গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি মঙ্গলবার সন্ধ্যায় মেরা দোকানে ব্যস্ত থাকার সময় রাজু গোপনে তার স্ত্রীর শয়নকক্ষে প্রবেশ করে। কিছুক্ষণ পর মেরা বাড়িতে ফিরে দরজা বন্ধ অবস্থায় পেয়ে সন্দেহ করেন। পরে দরজা খোলার সঙ্গে সঙ্গে রাজু দৌড়ে পালিয়ে যায়।
নিজ স্ত্রীর এমন আচরণে ক্ষুব্ধ মেরা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত শালিশে দুই মাসের মধ্যে দেনা-পাওনা পরিশোধের শর্তে বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিরা বিষয়টি আর্থিক লেনদেনের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
অন্যদিকে, ভুক্তভোগী নারীর পরিবার জানিয়েছে, তারা রাজুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত রাজু আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।