বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়ায় পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ফেরদৌস করিম সনি স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে দাওয়াত না পাওয়া নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি গুলি করার চেষ্টা করলে উত্তেজিত জনতা ধাওা করে ধরে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ‘বেজোড়া যুবসংঘ’ আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের সাউন্ডবক্সের ওপর মোটরসাইকেল তুলে দেন সনি। এতে বাধা দেওয়া হলে তিনি বাড়িতে ফিরে গিয়ে হাতে পিস্তল নিয়ে এসে আয়োজক রুবেল হোসেনকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন।
রুবেল হোসেন বলেন, গুলির চেষ্টা করার মুহূর্তে স্থানীয় শত শত জনতা সনিকে ধরে ফেলেন। পরে তাঁকে পিস্তলসহ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয়দের দাবি, সনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং মাদককারবারিসহ নানা অপরাধে জড়িত।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু সুফিয়ান মানবজমিনকে বলেন, সনিকে পিস্তলসহ আটক করা হয়েছে। অস্ত্রটি আসল নাকি নকল তা পরীক্ষা চলছে। পরবর্তী ব্যবস্থা ঊর্ধ্বতনদের নির্দেশে নেওয়া হবে।