মো. আব্দুল হান্নান:
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্টের বি-ব্লক এলাকার ফ্লাইওভারের নিচে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে অঘোষিত ডাস্টবিন গড়ে তোলা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই পথে যাতায়াতকারী হাজার হাজার পথচারী।
ঢাকা-রংপুর মহাসড়কের এই স্থানটির একপাশে সেনানিবাস, পাবলিক স্কুল, ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল ও বাজার এবং অপরপাশে বিভিন্ন স্কুল ও হাসপাতাল অবস্থিত। প্রতিদিন সেনাবাহিনী, শিক্ষার্থী, রোগীসহ হাজার হাজার মানুষ এই ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করেন। ময়লার পচা দুর্গন্ধে পথচারীদের নাক চেপে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, বর্তমান ময়লার স্তূপটি থেকে মাত্র ৫০ গজ দূরেই ক্যান্টনমেন্টের নির্দিষ্ট ডাস্টবিন থাকা সত্ত্বেও এক শ্রেণির মানুষ সচেতনতার অভাবে মহাসড়কের পাশেই ময়লা ফেলছেন।
জনগুরুত্বপূর্ণ এই স্থানে পরিবেশ দূষণ রোধ এবং জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।