বগুড়ার শাজাহানপুর থানার কৈগাড়ি ফাঁড়ি পুলিশ একাধিক মামলার আসামি মো. সিহাব পোদ্দার (২৪) কে অস্ত্রসহ আটক করেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শাকপালা জিয়া মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক সিহাব পোদ্দার উপজেলার শাকপালা পূর্বপাড়া এলাকার মো. মতিন পোদ্দারের ছেলে। তার কাছ থেকে একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকু, একটি এক্সটেন্ডেবল স্টিল ব্যাটন, একটি কালো রঙের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি রেজিস্ট্রেশনবিহীন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিহাব পোদ্দার একজন অভ্যাসগত অপরাধী। তার বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় হত্যা, চাঁদাবাজি, অপহরণ, মারামারি ও নারী নির্যাতনসহ মোট সাতটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একাধিকটিতে সে চার্জশিটভুক্ত আসামি।
কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. ময়নুল ইসলাম বলেন, আসামি সিহাব দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। নিয়মিত অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।