বগুড়ার শাজাহানপুরে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার চোপীনগর ইউনিয়নের কচুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এবং ‘শাস্তি নয় সংশোধন, অপরাধ হবে দমন’ স্লোগান সামনে রেখে শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন ফোরামের কোষাধ্যক্ষ মিজানুর রহমান আকন্দ সোহেল।
সভায় প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল। বিশেষ অতিথি ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তা আবু জাররা ও আব্দুস সালাম, শাজাহানপুর থানা পুলিশিং কমনিউটি ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, চোপীনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন এবং ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ।
এ ছাড়া চোপীনগর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাবেক জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আশিক ইকবাল বলেন, জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে এককভাবে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।