বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রথমবারের মতো সফর করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।
বুধবার (১১ নভেম্বর) তাঁর আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
সভায় প্রধান অতিথি বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। এ সময় তিনি শাজাহানপুর উপজেলার সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, শাজাহানপুর একটি সম্ভাবনাময় উপজেলা। সব দপ্তরের সমন্বিত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় এ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
সভা শুরুর আগে বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমানসহ উপজেলার কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তালুকদার মোঃ ইনতেজার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহম্মেদ খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আকরাম আলী, উপজেলা প্রকৌশলী মোঃ রাশেদ ইমরান, সাব-রেজিস্ট্রার শাকিব রায়হান শরীফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সফর শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।