বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে দুই ব্যবসায়ীকে পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তালুকদার মোঃ ইনতেজার।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে এ অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য-সংক্রান্ত আইন ও বিধিবিধান মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি পণ্যের মান বজায় রাখা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।