বগুড়ার শাজাহানপুরে মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রঞ্জু মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে জুবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৪০) আহত হয়েছেন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের জরজিসের ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রঞ্জু মিয়া ওই গ্রামের ফজলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে ইটভাটার ভেতরে মাদকসংক্রান্ত একটি বিষয় নিয়ে খোরশেদ আলমের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় খোরশেদকে রক্ষা করতে এগিয়ে যান তার দুলাভাই রঞ্জু মিয়া ও ভাগনে জুবায়ের।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে রঞ্জু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত খোরশেদ আলম ও জুবায়েরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”