বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের শাজাপুর গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এতে মা, ভাই ও বোন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি সোমবার (৩০ মার্চ) দুপুরে ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, শাজাপুর গ্রামের জায়দারপাড়া এলাকার বাসিন্দা আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। সোমবার দুপুরে তার এই কার্যক্রমে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তিনি নিজ পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, আনারুল নিজেও মাদকাসক্ত। মাদক ব্যবসার সুবিধার্থে প্রায় তিন মাস আগে তিনি তার মা ও ছোট ভাই আমিনুল ইসলামকে বাড়ি থেকে বের করে দেন। এরপর তিনি নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
ঘটনার সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে গ্রামবাসী একত্রিত হয়ে তাকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান।
এলাকাবাসীর অভিযোগ, আনারুল দীর্ঘদিন ধরে উঠতি বয়সী কিশোরদের টার্গেট করে মাদক সেবনে প্রলুব্ধ করে আসছেন। শাজাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় স্কুলপড়ুয়া কিশোরদের কাছে তিনি মাদক সরবরাহ করতেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ইভটিজিংসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি পুরাতন মোটরসাইকেল ও দুটি ভ্যান পুড়িয়ে দেয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের স্বজনরা থানায় গিয়ে আনারুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।