বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিকুর রহমান (২২) ও মুজাহিদুল ইসলাম সামিউল (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি ছাত্র ছিলেন। আর মুজাহিদুল ইসলাম সামিউল গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি ব্যবসা করতেন।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় সড়কের ওপর দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে এটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।