বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা খালপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছে সরকারি মাদলা-চাঁচাইতারা যুক্ত উচ্চ বিদ্যালয়ের দুটি গাছ। দীর্ঘদিন ধরে গাছ দুটির কারণে বড় যানবাহন চলাচল করতে না পারায় দুর্ভোগ পোহাচ্ছেন গ্রামবাসী।
স্থানীয়রা জানান, গ্রামের মানুষের চলাচলের পাশাপাশি পণ্য পরিবহন, অ্যাম্বুলেন্সসহ জরুরি প্রয়োজনে সড়কটি ব্যবহার করা হয়। কিন্তু রাস্তার মাঝখানে থাকা গাছ দুটির কারণে বড় যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। এতে জরুরি প্রয়োজনে ভোগান্তি আরও বেড়ে যায়।
এলাকাবাসীর দাবি, বিষয়টি স্কুল কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সমস্যা সমাধানের দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তারা। মানববন্ধন থেকে গাছ দুটি অপসারণসহ সড়কটি যান চলাচলের উপযোগী করার দাবি জানানো হবে।
মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক সংবাদ বুলেটিনকে বলেন, ‘গাছ দুটির মালিকানা মাদলা-চাঁচাইতারা উচ্চ বিদ্যালয়ের। গাছ কাটার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্কুল কর্তৃপক্ষের। তবে রাস্তা দিয়ে চলাচলে সমস্যার বিষয়টি আমি ইউএনওকে জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে সরকারি মাদলা-চাঁচাইতারা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী ঘোষ সংবাদ বুলেটিনকে বলেন, ‘গাছ দুটি কাটার বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই। বিষয়টি ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে সরকারি গাছ কাটার ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া মেনেই গাছ কাটার সিদ্ধান্ত নিতে হবে।’
স্থানীয়দের দাবি, দ্রুত সরেজমিনে পরিদর্শন করে আইন ও সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের এ জনদুর্ভোগের অবসান করা হোক।