বগুড়ার শাজাহানপুরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদনের দায়ে নিউ সান ফার্মার মালিক কামরুজ্জামান খান (৪৫)কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার গন্ডগ্রাম বিএডিসি অফিসসংলগ্ন এলাকায় নিউ সান ফার্মায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই নিউ সান ফার্মায় পশু খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এ অপরাধে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০ ধারায় কামরুজ্জামান খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করেন কামরুজ্জামান খান। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযানে উৎপাদিত পশু খাদ্য ও সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়। পরে সেগুলো উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের জিম্মায় ধ্বংস করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা ও প্রসিকিউশন প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি দল উপস্থিত ছিল।