বগুড়ার শাজাহানপুর উপজেলায় ক্রীড়া ও তারুণ্যের মিলনমেলায় পরিণত হয়েছে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫–২৬। উপজেলার পারতেখুর উচ্চ বিদ্যালয় মাঠে সোনালী সংঘের উদ্যোগে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল , সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু সানি শাহিন, সহ সভাপতি মঞ্জুর কাদের মন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু প্রমুখ।
খেলায় মুখোমুখি হয় মহাস্থান বিপুল একাডেমী ও খোদাবন্দ বালা দল। নির্ধারিত সময়ে মহাস্থান বিপুল একাডেমী ৩–১ গোলে খোদাবন্দ বালাকে পরাজিত করে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার ক্রীড়া সংস্কৃতি সমৃদ্ধ করা এবং তরুণদের মধ্যে সৌহার্দ্য ও শৃঙ্খলা গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।