বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
কর্মসূচির শুরুতে দলের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, সহ-সভাপতি মুঞ্জুর কাদের মন্টু, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, উপজেলা শ্রমিক দলের সভাপতি পুটু এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী কোহিনুর বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম, ইদ্রিস আলী সাকিদার, বাদশা আলম, আবুল বাশারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে এনামুল হক শাহীন বলেন, শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া। তাঁর জন্ম না হলে বাংলাদেশ নামক দেশটি বিশ্ব মানচিত্রে স্থান পেত না। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখযুদ্ধে অংশ নেন। যুদ্ধ শেষে তিনি ক্ষমতার লোভে না পড়ে ব্যারাকে ফিরে যান। পরে ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশের মানুষকে বাকস্বাধীনতা দিয়েছেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।