বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৮ জনকে দণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাইফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ এবং বাসের ছাদ ও ট্রাকে অননুমোদিত যাত্রী পরিবহন প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৮টি মামলায় ৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড ও জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাইফুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।