বগুড়ার শাজাহানপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সজিবুল আলম সজিব (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় শুক্রবার (৩ জুলাই) বিকেলে আহত সাংবাদিকের স্ত্রী মোছা. রাজিয়া সুলতান বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম বাজারে একটি প্রতিষ্ঠানের ডিলার নিয়োগ ও পণ্য বিক্রি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে একদল ব্যক্তি সাংবাদিক সজীবের ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার ওজনের পাথর, ধারালো অস্ত্র, লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে।
স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি শরিফুল ইসলাম বাদলকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।