বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মনিরুজ্জামান মিলন ওরফে টেপাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ধুনট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিলন উপজেলার নয়মাইল জামালপুর এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নাশকতার অভিযোগসহ মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি শেরপুর উপজেলার মহিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল শেরপুর থানা পুলিশ। ওই সময় তাঁর কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা, দুই বোতল মদ, একটি বার্মিজ চাকু ও একটি রামদা উদ্ধার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছিল।
তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আরিফ।