বগুড়ার শাজাহানপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান।
সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন।
এতে উপস্থিত ছিলেন জেলা বিসিআইসি সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা বিসিআইসি ডিলার আব্দুল হাই রনি, উপজেলার সব সার ও বীজ ডিলার, কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় সার ও বীজের পর্যাপ্ত সরবরাহ, সুষ্ঠু বিতরণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে আসন্ন আলু মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।