শাজাহানপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠি
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২৬ আগষ্ট) বিকাল ৪ টায় উপজেলার ‘আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে’ এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শাজাহানপুর উপজেলা শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রাব্বানী।
এতে প্রধান আলোচক হিসেবে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম রাব্বানী বলেন,বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কেবল মুসলমানদের জন্য নন, বরং সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। বর্তমান সমাজের সকল অন্যায়, অনাচার ও নৈতিক অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে রাসুল (সা.)-এর সুন্নাহ ও দেখানো পথ অনুসরণ করার কোনো বিকল্প নেই। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ বাস্তবায়ন করতে পারলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
প্রধান আলোচক অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার মহানবী (সা.)-এর সীরাতের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আল্লাহর রাসুল (সা.) একটি জাহেলি সমাজকে পরিবর্তন করে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিলেন। তিনি ন্যায়বিচার, সততা ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা চিরকাল মানবতার কল্যাণ বয়ে আনবে। আমাদের দৈনন্দিন জীবনে তাঁর জীবনের শিক্ষাকে ধারণ করে একটি আদর্শ সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান বলেন, পবিত্র সীরাতুন্নবী (সা.) আমাদের ত্যাগ, নৈতিকতা ও সঠিক পথের শিক্ষা দেয়। জামায়াতে ইসলামী রাসুল (সা.)-এর নির্দেশিত পথে একটি সুন্দর, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে নিরলস কাজ করে যাচ্ছে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা কাওসার আলী, উপজেলা অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রউফ খান, উপজেলা মজলিশে শূরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা হযরত আলী ও মাওলানা ফজলুর রহমান।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, পেশাজীবী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।