বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। ভবন নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল বাশার এবং জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি বাদশা সরকার।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, উপজেলা বিএনপির নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়টি জাতীয়করণের জন্য প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে জাতীয়করণের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, নতুন ভবন নির্মাণের উদ্যোগ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নত করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অমল কুমার সাহা ও কর্মচারী মনছুর রহমানের অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁদের সম্মাননা ও উপহার দিয়ে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।