বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ননদ–ভাবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গতবৃহস্পতিবার রাতে উপজেলার নয়মাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া দুই নারী হলেন—বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের দিপা আক্তার (৩০) এবং তার ভাবী খুলনার রূপসা থানার নৈহাটি এলাকার নুর নাহার (৪০)। তারা সম্পর্কে ননদ–ভাবী।
ডিএনসির বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাড়ে ৯টার দিকে একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পাশাপাশি বসা দুই নারীকে সন্দেহ হলে দেহ তল্লাশিতে তাদের পায়ের সঙ্গে স্কচটেপে প্যাঁচানো অবস্থায় ২ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।