
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নে সড়ক সংস্কারকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের উত্তর দিক থেকে মোস্তাইল-দোগলাপাড়া পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক সংস্কারের জন্য ৫৬ লাখ ৬০ হাজার ৪২৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রিফাত ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির সংস্কারকাজ করছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে ইটের খোয়া ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব খোয়ার মধ্যে নিম্নমানের ইটের খোয়া রয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করা হলে সড়কটি টেকসই হবে না এবং অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাঁদের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা সংবাদ বুলেটিনকে বলেন, কাজ শুরুর পর থেকেই তাঁরা কাজের মান নিয়ে আপত্তি জানিয়ে আসছেন। কিন্তু ঠিকাদারের লোকজন তাঁদের অভিযোগ গুরুত্ব দিচ্ছেন না। নিম্নমানের খোয়া দিয়ে সড়কের কাজ শেষ করা হলে সরকারি অর্থের অপচয় হবে এবং দ্রুতই সড়কটি নষ্ট হয়ে যাবে।
তবে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শফিক। তিনি সংবাদ বুলেটিনকে বলেন, ‘বর্ষা মৌসুমের কারণে ইটভাটা থেকে এক নম্বর ইটের সঙ্গে কিছু নিম্নমানের খোয়া মিশ্রিত অবস্থায় দেওয়া হয়েছে। তবে স্থানীয়রা খোয়া নিয়ে যে অভিযোগ করছেন, তা মিথ্যা ও বানোয়াট।’
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান বলেন, ‘সড়কের কাজের মান নিয়ে অনেকেই আমাকে অভিযোগ জানিয়েছেন। নিম্নমানের কাজ করার কোনো সুযোগ নেই। কাজের মান ঠিক করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হচ্ছে।