বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মমিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ (কারণ দর্শানো নোটিশ) জারি করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমনের স্বাক্ষরিত এ নোটিশে মমিনকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দলীয় দপ্তর সূত্রে জানা যায়, তিনি দলীয় দায়িত্বে থেকেও নিয়ম-নীতি লঙ্ঘন করেছেন এবং আচরণবিধি ভেঙেছেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আসীন হওয়ার পর থেকেই কামরুল হাসান মমিন এলাকায় নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন এবং ভিন্ন রাজনৈতিক দলের কর্মীসহ সাধারণ লোকজনকে আটকে রেখে মুক্তিপণ আদায় করেন। এছাড়াও একাধিক অপহরণ ও মুক্তিপণের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা।
দলীয় সূত্র বলছে, এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে মমিনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।