বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুরে মির্জাপুর ফ্লাইওভারের পশ্চিম পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলহাজ আলী (২৩) সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার লাউতা গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দোকান কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর বাজারে কাজ শেষে দুপুরের খাবার খেতে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আলহাজ আলী। পথে মির্জাপুর ফ্লাইওভারের পশ্চিম পাশে ঢাকা থেকে বগুড়াগামী একটি উপমা পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩৪৪৯) তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে ধাওয়া করলে চালক বাস ফেলে পালিয়ে যান। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘাতক বাসটি জব্দ করে।
শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।