
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে নির্মাণাধীন ব্রীজে গার্ডার ধসে ১ জন শ্রমিক চাপা পড়ে। মঙ্গলবার বেলা ২টার দিকে ধসে পড়া গার্ডারের নিচ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান। নিহত শ্রমিক জুবায়ের হোসেন (৩০) সিরাজগঞ্জ শহরের মিরপুর মহল্লার বাসিন্দা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে খাস বড় শিমুল পঞ্চসোনা এলাকায় ইকোনমিক জোনের নির্মাণাধীন ব্রীজের গার্ডার ধসে পড়ে জুবায়ের চাপা পড়েছিলেন।
আতাউর রহমান আরো জানান, খাস বড় শিমুল পঞ্চসোনায় নির্মাণাধীন বেসরকারি ইকোনমিক জোন এলাকায় যাতায়াতের জন্য যমুনা নদীর ক্যানেলের ওপর একটি ব্রীজ নির্মাণ কাজ চলছে। সকালে হঠাৎ ব্রীজটির গার্ডার ধসে পড়ে।
কয়েকজন শ্রমিকের সাথে কথা বললে তারা জানান, ৩ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। গার্ডার ধসের সময় দু’জন দ্রুত নিরাপদে সরে যেতে পারলেও একজন শ্রমিক নিচে চাপা পড়েন।”
খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বেলা ২টার দিকে ধসে পড়া গার্ডারের নীচের বালু সরিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের জেনারেল ম্যানেজার কামাল হোসেন জানান, যমুনা নদীর ক্যানেলের ওপর দিয়ে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ২০৩ মিটার দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ করা হচ্ছে। এটির বাস্তবায়ন করছে প্রাণ আরএফএল গ্রুপের ঠিকাদারী প্রতিষ্ঠান পিডিএল।