বগুড়ার শেরপুরে নিখোঁজের ১৬ দিন পার হলেও রাইসা ইয়াছির রাফা (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর এখনো কোনো সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ রাফা উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা রিয়াদ খানের মেয়ে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রাফা নিখোঁজ রয়েছে। এরপর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাফার মা সারমিমা আক্তার শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “জিডি হওয়ার পর থেকেই পুলিশ শিক্ষার্থীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তার কাছে কোনো মোবাইল ফোন না থাকায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে প্রচলিত অনুসন্ধান পদ্ধতি এবং আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, নিখোঁজ শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে শেরপুর থানায় জানানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।