বগুড়ার শাজাহানপুরে সিএনজি চালক মিলন মিয়া হত্যা মামলায় তদন্তে উঠে আসা দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
সোমবার (৩১ আগস্ট) রাতে ও মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শাজাহানপুর উপজেলার মো. আবুল কাশেম প্রামানিক (৫০) ও মো. রেজাউল করিম ওরফে সাজু (৪৮)।
র্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি দল সোমবার রাত ১১টা ৩৫ মিনিটে শাজাহানপুর থানার বেতগাড়ী দ্বিতীয় বাইপাস এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর পলাতক আসামি আবুল কাশেমকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার রাত ১টা ১০ মিনিটে ফুলদিঘী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ নম্বর পলাতক আসামি রেজাউল করিম ওরফে সাজুকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ২ আগস্ট সকাল ৮টার দিকে সিএনজি নিয়ে বগুড়া চারমাথা সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চালক মিলন মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
এরপর ৭ আগস্ট সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে স্বজনরা সিরাজগঞ্জের তাড়াশ থানার রানীদিঘী মৌজার বেড়খালী এলাকায় একটি ডোবার পানিতে কচুরিপানার মধ্যে মিলনের মরদেহ দেখতে পান। পরে তার স্ত্রী মরদেহটি শনাক্ত করেন। এ ঘটনায় তাড়াশ থানায় হত্যা মামলা করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।