ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নতুন অবস্থান নিয়েছে ভারত। তাকে ফেরানোর ক্ষেত্রে দুটি শর্ত সামনে এনেছে নয়াদিল্লি। এর একটি হলো, বাংলাদেশের সেনাবাহিনীকে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে। অন্যটি হলো, দেশে ফেরার পর জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। এখন তাকে একইভাবে সামরিক বিমানে ফিরিয়ে দিতে চায় ভারত। এ ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিমান পাঠাতে হবে। তবে স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থান থেকেও বাংলাদেশি সেনাসদস্যরা তাকে গ্রহণ করতে পারেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া সম্পন্ন হোক, এমনটাই চায় নয়াদিল্লি। ভারতের জন্য কেন বিব্রতকর হয়ে উঠেছে হাসিনার অবস্থান।