২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর কথায় দেশ বিপদে পড়েছে: মির্জা ফখরুল

spot_img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, তা দেশকে বিপদে ফেলে দিচ্ছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বললেন, যুক্তরাষ্ট্র নাকি তাকে সরাতে চায়। প্রধানমন্ত্রীর কাছে এমন বক্তব্য আমরা আশা করিনি। তার মানে আপনি জেনে গেছেন আন্তর্জাতিক বিশ্ব আপনাকে সমর্থন দিচ্ছে না; বাংলাদেশে তো আপনার সমর্থন নাই-ই।’

শুক্রবার (২৩ জুন) বিকালে রাজধানীর শাহজাদপুরে সুবাস্তু শপিং মলের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতি, শ্রমিক নির্যাতন বন্ধ, অবৈধ সরকারের পদত্যাগ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি’র দাবিতে শ্রমিক-কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে বিএনপির অঙ্গ-সংগঠনটি।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ একটা কথাই বলছে, আপনি এই মুহূর্তে চলে যান। তাদের পরিষ্কার কথা, পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন। কারণ, এ দেশে হাসিনা সরকারের অধীন কোনও নির্বাচন হবে না। এ ব্যাপারে এই দেশের মানুষ নিশ্চিত।’

‘কোনও কালেই তাদের (ক্ষমতাসীন আওয়ামী লীগ) অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি। এ সরকার, তথা শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হবে না,’ বলেও উল্লেখ করেন ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘এ সরকার নির্বাচিত সরকার নয়। জনগণের দ্বারা নির্বাচিত হয়নি। ২০১৪ সালে তারা একতরফা নির্বাচন করেছে। ১৫১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সরকার গঠন করেছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে তারা জোর করে ক্ষমতা দখল করেছে।’

তিনি আরও বলেন, ‘তারা জোর করে ক্ষমতায় বসে দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। শ্রমিকেরা ন্যায্য মজুরি পাচ্ছেন না। চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। সাধারণ কর্মজীবী মানুষের পক্ষে সেসব কিছুতেই কেনা সম্ভব হচ্ছে না।’

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম ও সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ