
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে এরা গেল বছরের একটি নাশকতার মামলার আসামী। বুধবার দুপুরে একজনকে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার থেকে এবং ভোরে আরেকজনকে শহরের হাছননগর এলাকার ছাত্রাবাস থেকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কামারগাঁও গ্রামের মঞ্জুর আলীর ছেলে ফারহান শাহরিয়ার ফাহিম (২৫) এবং শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের নুরুল হকের ছেলে সুমেল মিয়া (২৪)। সে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি এবং ফারহান জেলা ছাত্র শিবিরের প্রকাশনা ও শিক্ষা বিষয়ক সম্পাদক।
এরা দুইজনেই ইসলামী ছাত্র শিবিরের ছাত্রাবাস হিসেবে পরিচিত শহরের হাছননগরের হাসপাতাল রোডের পুরবি আবাসিক এলাকার ৫৭ নম্বর বাসায় থেকে সংগঠনের কাজে সঙ্গে সক্রিয় রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুজনেই নাশকতার মামলার (নম্বর-১৮, তারিখ ১৯.১২২০২৩) আসামী।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিবির নেতা সুমেলকে বুধবার দুপুর দেড়টায় শহরের আলফাত স্কয়ার এলাকা থেকে এবং ফারহান শাহরিয়ার ফাহিমকে ভোর রাতে তাদের ছাত্রাবাস থেকে গ্রেপ্তার করা হয়।
এদের দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া করা হচ্ছে বলে জানান সদর থানার ওসি খালেদ চৌধুরী।
প্রসঙ্গত. সুমেল মিয়াকে বুধবার দুপুরে শহরের হোসেন বখ্ত চত্ত্বর এলাকায় কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গেছে।




