নাজিরুল ইসলাম: শাজাহানপুরে উপ-নির্বাচনে খরনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ও মাদলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য পদে ইভিএম মেশিনে ভোট গ্রহণ এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে এসব তথ্য নিশ্চিত করেন ওই কর্মকর্তা।
নির্বাচন অফিস সূত্রে জানাযায়, সম্প্রতি অনুষ্ঠিত্ব উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। উক্ত নির্বাচনে খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান সাহীন স্বপদ থেকে স্থায়ী পদত্যাগ গ্রহণ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন। অপরদিকে একই নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন মাদলা ইউপির ২নং ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ। এতে ওয়ার্ড সদস্য পদটি শূণ্য হয়। ফলে এই দুটি ইউনিয়ন পরিষদের শূণ্যপদ গুলোতে নির্দিষ্ট সময় অন্তে আগামী ২৭ জুলাই ২০২৪ উপ-নির্বাচনের ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়। ইতিমধ্যে সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সহ নির্বাচনী প্রচার প্রচারণা করার অনুমতি প্রদান করা হয়েছে। খরনা ইউনিয়নে মোট ২৪৭৮৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১২৪১৮জন এবং মহিলা ভোটার ১২৩৬৬জন। মাদলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ২১৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০৪৮জন এবং মহিলা ভোটার ১১০৭জন।
যাচাইবাছাই পূর্বক খরনা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীরা হলেন, বিপ্লব হোসেন বিপুল চমশা প্রতীক, ইব্রাহিম খলিল টেবিল ফ্যান প্রতীক, মাকছুদুর রহমান (বাবু) মোটরসাইকেল প্রতীক, এ কে এম রেজাউল হক আনারস প্রতীক ও নুরুল আমিন (শিশির) ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অপরদিকে মাদলা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য পদে মোট ৩ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীরা হলেন, রেজাউল করিম তালা প্রতীক, সোবাহান আকন্দ টিউবওয়েল প্রতীক ও এমদাদুল হক ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে উপ-নির্বাচনে বিজয়ের লক্ষ্যে স্ব-স্ব প্রার্থী বিভিন্নভাবে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
উপ-নির্বাচনকে ঘিরে দুইটি ইউনিয়নে ভোটে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিনিষেধ মেনে চলতে সর্তক করা হয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে উপজেলা নির্বাচন অফিস কঠোর ভূমিকা পালন করবে বলেও জানান উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন।