
এসবি ডেস্ক : সরকার পতনে বিএনপির একদফার আন্দোলনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত এবং চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে চরম হতাশায় বিএনপি নেতাকর্মীরা। এখন হতাশা কাটিয়ে পুনরায় মাঠে নামার পরিকল্পনা নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূল নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে নিয়মিত কর্মসূচিতে যেতে চায় দলটি। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার মহানগরসহ দেশব্যাপী বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি।
আসন্ন রমজান মাস ঘিরে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা নেয়া হয়েছে। বিগত আন্দোলন ঘিরে ‘ব্যাকফুটে’ চলে যাওয়া দল এবং সারা দেশের নেতাকর্মীরা চাঙ্গা ও উজ্জীবিত করতে পরিকল্পনা নিয়েছে বিএনপি। এ বিষয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে বিস্তর আলোচনা হয় এবং নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে স্বাভাবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এরপরই বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ শনিবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হবে।
গত বুধবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানা গেছে, গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সারা দেশের নেতাকর্মীরা চাঙ্গা ও উজ্জীবিত রাখার বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। জাতীয় বিভিন্ন ইস্যুতে কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। তবে কর্মসূচির বিষয়ে যুগপতের শরিকদের সঙ্গে এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।
এদিকে আন্দোলন ব্যর্থতায় সারা দেশে ঝিমিয়ে পড়া সংগঠন ও ‘হতাশাগ্রস্ত’ নেতাকর্মীদের চাঙ্গা ও উজ্জীবিত করতে আসন্ন রমজানে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ইফতার মাহফিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক জেলাগুলোর ইফতারে ভার্চুয়ালি যুক্ত হবেন। দলের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা এখন জেলা নেতাদের সঙ্গে এ বিষয়টি সমন্বয় করছেন। এবার কেন্দ্রীয়ভাবে বৃহৎ পরিসরে চার থেকে পাঁচটি ইফতার মাহফিল করবে বিএনপি।
এরই মধ্যে দুটি ইফতারের শিডিউল চূড়ান্ত হয়েছে। প্রথম রমজানে এতিম ও আলেম-ওলামাদের সম্মানে ইস্কাটনের লেডিস ক্লাবে এবং ২৮ মার্চ রাজনৈতিক নেতাদের সম্মানে একই স্থানে ইফতার মাহফিল হবে।
সূত্র জানায়, নির্বাচনের পর কঠোর কর্মসূচি থেকে সরে এসে লিফলেট বিতরণ কর্মসূচি পাললের সিদ্ধান্তে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে নানা উদ্যোগ নিয়েছে দলটি। জাতীয় ইস্যুতে কর্মসূচিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনে ব্যাপক রদবদলের পরিকল্পনা নেয়া হয়েছে।
ইতোমধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় আগের কমিটি বিলুপ্ত করে আনা হয়েছে নতুন নেতৃত্ব। জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দলসহ সব অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। এসব সংগঠনে আগামীতে কাদের নেতৃত্বে আনা যায় এবং কমিটির বর্তমান শীর্ষ নেতাদের কোথায় পদায়ন করা হবে— সেগুলো নিয়ে এখন দলের ভেতরে কাজ চলছে।
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজপথে কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি। ইতোমধ্যে একদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের পাশাপাশি জনস্বার্থ ইস্যু নিয়েও কর্মসূচি দিয়ে মাঠে থকবে বলে জানা গেছে। তবে রমজানে কী ধরনের কর্মসূচি করা যায়— তা নিয়ে দলটির মধ্যে আলোচনা চলছে।




