
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ সজীব হোসেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি পূর্বপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের ঝগড়া মীমাংসা করতে গিয়ে ভাতিজার লোহার পাইপের আঘাতে চাচা নাসির উদ্দিনের (৫২) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার (৫ জুলাই) বিকেলে দুই ভাইয়ের ঝগড়ার এক পর্যায়ে লোহার পাইপের আঘাতে আহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।
নিহত নাসির উদ্দিন সনমান্দি ইউনিয়নের পূর্ব সনমান্দি এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।
আহত জয়নাল আবেদিনের স্ত্রী জায়েদা বেগম সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
নিহতের ভাতিজা আবু নাঈম জানান, শুক্রবার বিকেলে তার বাবা জয়নাল আবেদিন তাদের বাড়িতে একটি রান্নাঘর নির্মাণ করেন। এক পর্যায়ে তার বড় চাচা আব্দুর রব মিয়া তাদের বাধা দেন। তার বাবা ও চাচার বাকবিতণ্ডার একপর্যায়ে আব্দুর রবের ছেলে আবুল কাশেম ও হাসান মিয়া তাদের ঘর থেকে গ্যাসের পাইপ ও লোহার রড নিয়ে তার বাবার ওপর অতর্কিত হামলা করে। এ সময় তার বাবা জয়নাল আবেদিনকে পিটিয়ে আহত করে। তাদের ডাকচিৎকারে তার আরেক চাচা নাসির উদ্দিন এগিয়ে এলে তার চাচাতো ভাই কাশেমের হাতে থাকা গ্যাসের পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় নাসির উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। চাচি আবেদা বেগম ও তার মা জায়েদা বেগমকেও পিটিয়ে জখম করে।




